কাকে টাকা দিয়ে চাকরি, ফেরত পেতে চাইলে আমাকে জানান: বিচারপতি গঙ্গোপাধ্যায়
1 min read
নিয়োগে দুর্নীতি, টাকা নিয়ে চাকরি দেওয়া ইত্যাদি নানান বিষয়ে গত কয়েক মাসে অজস্র চোখাচোখা পর্যবেক্ষণ রেখেছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)। এবার চাকরি খোয়ানোদের উদ্দেশে বিচারপতি পরামর্শ দিলেন, টাকা ফেরত পেতে চাইলে তাঁকে জানাতে পারেন তাঁরা। ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। তারপর তাঁরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। শীর্ষ আদালত বলেছিল, এঁদের বক্তব্য হাইকোর্টকে আবার শুনতে হবে। সেই মতো ২৬৮ জনকে হলফনামা দিতে বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বুধবার ১৪৩ জনের চাকরি বাতিল নিশ্চিত করেন বিচারপতি। আজ বৃহস্পতিবার আরও ৫৯ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন তিনি। তারপরেই চাকরি খোয়ানোদের আইনজীবীদের উদ্দেশে তাত্পর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় আইনজীবীদের উদ্দেশে বলেন, আপনাদের মক্কেলরা যে টাকা দিয়ে চাকরি পেয়েছিল আপনারা জানেন? কাকে টাকা দিয়েছিল চাকরি পাওয়ার জন্য ? সে কথা আপনাদের বলেছে? তারা কি টাকা ফেরত পেতে চায়? প্রয়োজনে আমাকে জানাতে পারেন।’
বিচারপতি গঙ্গোপাধ্যায় কয়েক মাস আগে বলেছিলেন, ধেরে ইঁদুরকে খুঁজে বের করতে হবে। তবে সে ব্যাপারে কারও নাম করেননি তিনি। তবে বিচারপতি সাক্ষাত্কারে অকপটেই জানিয়েছিলেন, তিনি নিয়োগ দুর্নীতির সমস্ত রায়ে মাইলফলক রেখে যেতে চান। এখন প্রশ্ন হচ্ছে, বিচারপতি কি চাইছেন এবার যাঁরা টাকা নিয়েছেন তাঁদের নাম বলুক চাকরি খোয়ানোরা? যাঁদের চাকরি যাচ্ছে তাঁরা যদি এখন নাম-ধাম বলেন তাহলে বিচারপতি গঙ্গোপাধ্যায় কী করবেন তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে হাইকোর্ট পাড়ায়।
