‘মোদীকে ভোট দিন, নইলে শহরে শহরে আফতাব হবে!’ শ্রদ্ধা খুনে সাবধানবাণী দিলেন অসমের মুখ্যমন্ত্রী।
1 min read
মোদীকে ভোট দিন। নইলে শহরে শহরে আফতাব হবে। একটি জনসভায় গিয়ে মোদীর জন্য এই মর্মেই ভোট চাইলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গুজরাটের কচ্ছে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, ‘দেশে যদি একজন শক্তিশালী নেতা না থাকেন, তবে প্রত্যেক শহরে আফতাবরা জেগে উঠবে।’
শ্রদ্ধা ওয়াকারের বাবার মতোই এই হত্যালীলার পিছনে হিমন্ত বিশ্বশর্মা ‘লাভ জিহাদ’-এর অভিযোগ করেন। বলেন, ‘আফাব শ্রদ্ধাকে মুম্বই থেকে নিয়ে আসে। তারপর তার দেহ লাভ জিহাদের নামে ৩৫ টুকরো করে। দেহাংশের সেইসব টুকরো আবার সে কোথায় রাখে? না ফ্রিজে। এদিকে ফ্রিজের ভিতর যখন শ্রদ্ধার দেহাংশ, তখন অন্য মহিলাদের বাড়িতে নিয়ে আসে। তার সঙ্গে আবার ডেটিং করতে শুরু করে। এখন যদি দেশে একজন শক্তিশালী নেতা না থাকেন, যে দেশকে নিজের মায়ের মত ভাবেন, তাহলে এই ধরনের আফতাব প্রত্যেক শহরে জন্মাবে। আমরা আমাদের সমাজকে রক্ষা করতে পারব না। তাই ২০২৪-এ নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী বানানো, তৃতীয়বারের জন্য, আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের পর পর যেন রহস্য লুকিয়ে।তদন্তে রহস্যের জট যত খুলছে, ততই সামনে আসছে একের পর এর তথ্য। লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনেওয়ালার হাতে একবার নির্যাতন শিকার হয়েছিলেন শ্রদ্ধা। সেইসময় শ্রদ্ধাকে বেধড়ক মারধর করে আফতাব। যার জন্য হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছিল শ্রদ্ধাকে। ৩ দিন হাসপাতালে ছিলেন তিনি। এই ঘটনাটি ঘটেছিল ২০২০ সালে। সেই সময়কার শ্রদ্ধার একটি ছবি থেকে স্পষ্ট তাঁর মুখে একাধিক আঘাতের চিহ্ন। ২৬ বছরের শ্রদ্ধা ওয়াকারকে প্রথমে শ্বাসরোধ করে খুন করে আফতাব। তারপর নিথর শরীরকে ৩৫ টুকরো করতে একটুও হাত কাঁপেনি ২৮ বছরের ফুড ব্লগার। লিভ-ইন পার্টনার আফতাব আমিনের হাতে শ্রদ্ধা ওয়াকারের খুনের ঘটনা চমকে দিয়েছে দেশবাসীকে। খুনের ভয়াবহতা, নৃশংসতা শিরদাঁড়া দিয়ে বইয়েছে ঠান্ডা স্রোত। প্রেমিকাকে খুনের পর দেহ ৩৫ টুকরো করা থেকে ফ্রিজারে দেহাংশ সংরক্ষণ, তদন্তে উঠে আসছে একের পর এক ভয়ংকর হাড়হিম করা চাঞ্চল্যকর তথ্য। আগেই আফতাব পুলিসকে জানিয়েছিল যে, ঘরের মেঝে থেকে রক্তের দাগ ধুয়ে মুছে ফেলতে ব্লিচিং পাউডার সহ আরও অন্যান্য রাসায়নিক ব্যবহার করে সে। শ্রদ্ধাকে খুনের পর প্রতিদিন রাত ২টো থেকে শুরু হত প্রেমিকার কাটা দেহাংশ জঙ্গলে ফেলার জন্য আফতাবের অভিযান। ছড়িয়ে ছিটিয়ে দিল্লির বিভিন্ন জায়গায় ওই ৩৫ টুকরো ফেলে আফতাব। শুধু তাই নয়। জেরায় আফতাব কবুল করেছে যে খুনের পর প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারের নাড়িভুঁড়ির কিমা বানায় সে! তারপর সেই ‘কিমা’ করা নাড়িভুঁড়ি কমোডে ফেলে ফ্লাশ করে দেয়!
