ভোটের বাকি ৪০০ দিন, সব ভোটারের কাছে পৌঁছে যান’, বিজেপি নেতাদের নির্দেশ মোদি
1 min read
লোকসভা ভোটের আগে প্রতিটি ভোটারের বাড়িতে পৌঁছনোর জন্য বিজেপি নেতাদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘লোকসভা ভোটের বাকি আর ৪০০ দিন। প্রত্যেক ভোটারের কাছে পৌঁছতে হবে।
প্রতিটি ভোটারের কাছে পৌঁছে গিয়ে তাঁদের কাছে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক কাজের খতিয়ান জানান।’ এদিন বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বিভিন্ন রাজ্য থেকে হাজির দলের গুরুত্বপূর্ণ নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ইতিহাস তৈরি করতে হবে। আর সেই ইতিহাস তৈরি করতে হলে প্রতিটি ভোটারের বাড়িতে পৌঁছতে হবে। ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটারদের মূল লক্ষ্য করতে হবে। তাঁদের প্রতি বিশেষ নজর দিতে হবে।’
সংখ্যালঘু ভোট না পেলে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে যে আশাতীত ফল করা যাবে না তা ভালই জানেন প্রধানমন্ত্রী। তাই মুসলিম সম্প্রদায় নিয়ে বিতর্কিত মন্তব্য না করার জন্যও দলীয় নেতাদের পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, ‘মুসলিম সম্প্রদায় সম্পর্কে ভুল বার্তা যায়, এমন কোনও মন্তব্য করা থেকে বিরত থাকুন। পসমান্দা ও ভোরা সম্প্রদায়ের সঙ্গে মেলামেশা করা উচিত। শুধু মুসলিম সম্প্রদায় কেন, সব শ্রেণির মানুষের কাছে যাওয়া উচিত। কেউ যদি আমাদের ভোট না-ও দেন, তাহলেও তাঁদের সঙ্গে সম্পর্ক তৈরি করা উচিত। দলের একাংশ এখনও মনে করেন তাঁরা বিরোধী দলে রয়েছেন। ফলে অনেক ক্ষেত্রেই ভাষার সংযম হারাচ্ছেন। সবারই ভাষা ব্যবহারের ক্ষেত্রে সংযত হওয়া উচিত।’
