দুর্ঘটনা কমাতে সচেতনতায় পুলিশ
1 min read
পথ দুর্ঘটনা কমাতে পথে নামতে দেখা গেল পুলিশকে। মঙ্গলবার কেশিয়াড়ি থানার পুলিশ খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের কলাবনির কাছে সচেতনতার কর্মসূচি নিয়েছিল। এদিন বাইক, গাড়ির চালক ও আরোহীদের সচেতন করা হয়।
সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসৃচির প্রচার চালানো হয়। পুলিশের তরফ থেকে মাইকে প্রচার করে আস্তে গাড়ি চালানো, হেলমেট ও সিটবেল্ট পরে গাড়ি চালানোর বিষয়ে উৎসাহ দেওয়া হয়। গাড়ি, বাইক দাঁড় করিয়ে তাদের পথ নিরাপত্তার বিষয়ে নানা বিধি জানিয়ে দেওয়া হয়েছে। হেলমেট পরে, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো দণ্ডনীয় বলে প্রচার করা হয়েছে এদিনের কর্মসূচিতে।
যারা সিটবেল্ট না বেঁধে, হেলমেট না পরে গাড়ি ও বাইক চালিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেয় পুলিশ। হাতে ফ্লেক্স ও প্ল্যাকার্ড নিয়ে পথ চলতিদের সচেতন করেন পুলিশ কর্মীরা। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে ছিলেন কেশিয়াড়ি থানার একাধিক আধিকারিক ও পুলিশ কর্মীরা।
