Jun 14, 2026 8:24PM

UtkalBongo Store

Powered By UB Media

মোদি-মমতার হাত ধরে চালুর পথে শিলিগুড়ি-ঢাকা বাস পরিষেবা

1 min read

বাংলা প্লাস ডেস্কঃ বাম জমানায় ধুঁকে ধুঁকে চলা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা NBSTC’কে লাভের মুখ দেখাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) লাভজনক ও চাহিদা র‍য়েছে এমন রুটে বেশি করে বাস চালাতে পরামর্শ দিয়েছিলেন। সেই সঙ্গে রাজ্য পরিবহণের ৩টি নিগমের নিজস্ব এলাকাও ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তার জেরে দেখা যাচ্ছে শুধু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমই নয়, লোকসানের বহর থেকে ঘুরে দাঁড়িয়েছে বাকি দুটি সরকারি পরিবহণ সংস্থাও। শুধু রাজ্যের মধ্যেই নয়, লোকসান থেকে ঘুরে দাঁড়াতে মুখ্যমন্ত্রী জোর দেন ভিন রাজ্যের পাশাপাশি বাংলার প্রতিবেশী দেশেও বাস চালানোর ক্ষেত্রে। সেই সূত্রেই ভারত সরকারের অনুমতি নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম শিলিগুড়ি(Silliguri) ও কাঠমাণ্ডুর মধ্যে দৈনিক বাস পরিষেবা চালু করে। নেপাল সরকারও সেই বাস পরিষেবার অনুমতি দিয়েছিল। এখন দেখা যাচ্ছে নিত্যদিন সেই বাস পরিষেবায় টিকিট পেতেই হিমসিম খেতে হচ্ছে। কেননা তা আগে থেকেই বুকড হয়ে যাচ্ছে। যা কার্যত বলে দিচ্ছে এই পরিষেবা রীতিমত বাম্পার হিট হয়ে গিয়েছে। এই চাহিদার কথা মাথায় রেখেই এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম শিলিগুড়ি ও ঢাকার(Dhaka) মধ্যে বাস পরিষেবা চালুর কথা ভাবছে।

আরও পড়ুন One Nation One Jobcard, সঙ্গে ২০০ দিনের কাজের প্রকল্প

জানা গিয়েছে, ভারত-নেপাল সড়কপথে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম শিলিগুড়ি থেকে কাঠমান্ডু রুটের যে বাস পরিষেবা চালু করেছে তা এখন পর্যটকদের ভিড়ে রীতিমত ঠাঁই নেই ঠাঁই নেই দশা নিয়ে চলাচল করছে। তার জেরে এই রুটে বাসের সংখ্যা বাড়ানো যায় কিনা তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষ। যদিও সেক্ষেত্রে ভারত সরকার ও নেপাল সরকারের সন্মতিও চাই। এরই পাশাপাশি নিগম চাইছে শিলিগুড়ি থেকে ঢাকা রুটে বাস চালাতে। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি হয়ে ঢাকা পর্যন্ত এই বাস চালাতে চাইছে নিগম। এই বিষয়ে নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, কাঠমান্ডু রুটের বাসটি যে এজেন্সিকে দিয়ে চলছে, তাদের সঙ্গেই আলোচনা চলছে ঢাকার জন্য বাস চালানোর জন্য। তবে এই বাস পরিষেবার জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং বাংলাদেশ সরকারেরও অনুমতি লাগবে। যদি অনুমতি পাওয়া যায় তাহলে চলতি বছরের জুন মাসের মধ্যেই এই পরিষেবা চালু করে দিতে চায় নিগম। সেই সঙ্গে নিগমের তরফ থেকে চেষ্টা করা হবে যাতে এই বাস পরিষবা উদ্বোধনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) পাওয়া যায়। দুইয়ের উপস্থিতিতে দুইজনের হাত দিয়ে উদ্বোধন করিয়ে এই বাস পরিষেবা চালাতে চাইছে নিগম।

জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রত্যেক দিন অনেক মানুষ নানা প্রয়োজনে শিলিগুড়িতে আসেন। চ্যাংড়াবান্ধা হয়ে ঢাকা-শিলিগুড়ি রুটেও একটি বেসরকারি সংস্থার বাস চলে। কিন্তু ফুলবাড়ি দিয়ে নিগমের বাস চললে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। তাতে ভাড়াও কিছুটা কমতে পারে। সেই সঙ্গে সময়ও কম লাগবে। পাশাপাশি দুই বাংলার আমজনতার মধ্যে দূরত্বও কমে যাবে। বাড়বে দুই বাংলার যোগাযোগের মাধ্যমও। যদিও ইতিমধ্যেই এনজেপি ও ঢাকার মধ্যে ট্রেন চালু হয়েছে। কিন্তু ট্রেন অপেক্ষা বাসেই যাতায়াত করতে বেশির ভাগ যাত্রী পছন্দ করছেন বলে জানা গিয়েছে। তাই শিলিগুড়ি-ফুলবাড়ি-ঢাকা রুটে নিগম বাস চালু করতে তা যে কাঠামণ্ডুর মতোই হিট হবে সেই বিষয়ে আশাবাদী নিগম কর্তৃপক্ষ।

Bangla Plus HD

About Author

Copyright © All rights reserved. | UB Media
error: Content is protected !!
Shares
Hide picture