Bollywood: যোগীর দ্বারে সুনীল! জোড়হাতে অনুনয়, #বয়কটবলিউড বন্ধ করুন
1 min read
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘বিনোদন এক নজরে’।
জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?—
যোগী শরণে সুনীল! অক্ষয় কুমারের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সুনীল শেট্টি।
খবর, বলিউড অভিনেতা নাকি জোড়হাতে মিনতি জানিয়েছেন যোগীকে, #বয়কটবলিউড বন্ধ করা হোক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনোদন দুনিয়া। তাঁর আরও অনুরোধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিষয়টি নিয়ে তিনি যেন আলোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ট্রেন্ড যথেষ্ট ক্ষতি করছে বলিউডের। তাঁর যুক্তি, বলিউড তার বিনোদন দিয়ে বিশ্বের মন জয় করেছে। সারা পৃথিবী এক ডাকে চেনে এখানকার তারকাদের। বলিউড থেকেই ‘বর্ডার’-এর মতো ছবি তৈরি হয়েছে। মায়ানগরী মানেই মাদক আর অন্যায়ের আঁতুড়ঘর নয়। তাই উত্তরপ্রদেশ যেন বিষয়টি আরও একবার বিবেচনা করে।
গেরুয়ায় মোহভঙ্গ?
সেন্সরবোর্ডের চেয়ারপার্সন প্রসূন যোশী অবশেষে ছাড় দিয়েছেন পাঠান-এর গেরুয়া বিকিনিকে। তাঁর মতে, ছবির বাকি অংশগুলোর মতোই এই অংশটুকুও থাক। কিন্তু এবার বেঁকে বসেছে খোদ যশরাজ প্রযোজনা সংস্থা। তাদের বুঝি মোহভঙ্গ ঘটেছে গেরুয়ায়! দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছেন, এই অংশটি থাকলে ছবি-মুক্তির পরে আরও অনেক সমস্যা হতে পারে। তাই নিজেরাই দায়িত্ব নিয়ে ছবি থেকে গানটি বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও কিছু সমালোচকের দাবি, গানটি থাকা না থাকা সমান। ছবির গতি বাড়াতে গানটি কোনও ভাবে সাহায্য করবে না। তবে গানটি থাকলে দর্শক আরও বেশি করে ছবিটি দেখতে যাবে।
থমকে গোর্খা!
সর্বশেষ খবর, অক্ষয় কুমার অভিনীত ‘গোর্খা’ আপাতত স্থগিত। এ খবর ছবির প্রযোজক আনন্দ এল রাই নিশ্চিত করেছেন। প্রযুক্তিগত কারণেই নাকি ছবিটি স্থগিত করা হয়েছে। রাই-এর কথায়, ‘ছবিটি করার আগে আমাদের অনেক প্রযুক্তিগত বিষয় দেখে নিতে হবে। সেই কাজ যথেষ্ট সময়সাপেক্ষ। ফলে, তাড়াহুড়ো করে কিছুই হওয়া সম্ভব নয়। তবে বলিউড বলছে, অক্ষয় কুমার পিছিয়ে আসার কারণেই নাকি ছবিটি বন্ধ হয়ে গেল।
সামান্থার ডাবিং শুরু
২০২২ তাঁর দখলেই ছিল। ২০২৩-এ কাজ শুরু করলেন সামান্থা রুথ প্রভু। ছবির ডাবিং দিয়ে। বৃহস্পতিবার তিনি তাঁর আগামী ছবি ‘শকুন্তলম’-এর একটি ছবি ভাগ করে নিয়েছেন। সেখানে তিনি ভারতের সনাতনী পোশাকে সেজেছেন। সেই ছবি ভাগ করে লিখেছেন, ‘বিনোদন দুনিয়া আমার প্রাণ। শিল্পের সঙ্গে যুক্ত থাকা আমার কাজ। এর মধ্যে দিয়েই নিরাময় খুঁজে পাই। কাজ করতে করতেই একদিন হাসিমুখে চলে যাব।’
